জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 185 বার পঠিত
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার স্থানীয় মাঝুখান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল।
মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভায় বিএনপি নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু সংসদ নির্বাচন যেন না হয়, সেজন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি দেশ পরিচালনা করার জন্য জনমত গড়ে তুলবে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, এখনও ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে । কারণ ষড়যন্ত্রকারীরা জানে যে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে।
এছাড়া এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগদান করেন।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah