সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট। ১৬ বছর বিএনপি কিসের জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে। আমাদের এত লোক মারা গেছে, লাখ লাখ মামলা হয়েছে, হাজার হাজার লোক জেল খেটেছে। কিসের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা সেই ভোট চাই, নির্বাচন চাই।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় চারগাছ এনআই ভূইয়া ডিগ্রী কলেজ মাঠে আজ ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুশফিকুর রহমান। উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে।
মুশফিকুর রহমান বলেন, রাজনীতি কোনো ব্যবসার জায়গা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপিরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছিল। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা এই রাজনীতিকে ব্যবসায়ী হিসেবে নেবেন, আপনাদেরকেও একদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন ও সদস্য মো. হানিফ। এ সময় কসবা ও আখাউড়া উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার ছয়জন মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মুশফিকুর রহমান, আখাউড়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার এক হয়ে মঞ্চে হাতে হাত রেখে দল যাকে মনোনয়ন দেবেন, সবাই এক হয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah