জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
গাজীপুরে ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার শরিফ উদ্দীন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু এবং সদস্য সচিব আব্দুর রহিম কালাসহ স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩-০ গোলে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিকেএসপির খেলোয়াড়রা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন।
আয়োজকরা জানান, গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দল নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম রাউন্ড শেষে বিজয়ী দলগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে অংশ নেবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা ও ট্রফি। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির নেতারা বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah