সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 140 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদরাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামতেই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় মাদরাসা, নিহতদের পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah