সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারের ‘বই পড়ি, দেশ গড়ি’ কর্মসূচির আলোকে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে বই পড়ার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও অন্যান্য জ্ঞানভিত্তিক বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। তাই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার প্রতি তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
জেলা প্রশাসন জানায়, প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার উপকারিতা, সাহিত্যের সঙ্গে সম্পৃক্ততা, কর্মসূচিতে অংশগ্রহণের নিয়মাবলি এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
এছাড়া পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে বই পড়া প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, পাঠ-আলোচনা ও বিভিন্ন সৃজনশীল আয়োজন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সেরা পাঠকদের পুরস্কার ও সনদ দেওয়া হবে।
জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
Posted ২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah