জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 163 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক সহযোগী অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা থানায় মামলা দায়ের করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে মো. রুহুল আমিন (৩৭) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি কারখানার কর্মচারী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সকালে তেলিহাটি ইউনিয়ন এলাকা থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় আশিক নামের এক যুবক। এতে সহযোগিতা করেন গ্রেপ্তার রুহুল আমিন। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলেও অপহরণকারীরা সিএনজি অটোরিকশাযোগে দ্রুত পালিয়ে যায়। পরিবার ধাওয়া করেও তাদের আটকাতে পারেনি। অপহরণের পর থেকে মেয়েটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা তখন পালিয়ে যায়। পরে রোববার সকালে রুহুল আমিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, অপহরণকারীরা তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah