সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিসি ক্যামেরাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
১০ জুন বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত আখাউড়া সড়ক বাজার এলাকায় পৌর ভবনের পশ্চিম পাশে অবস্থিত একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দুলাল মিয়া (৪১), মো. সরল (২৯), মো. রুবেল (৩৯), মো. বাবু মিয়া (৩২) এবং মো. রবিউল ইসলাম (২২)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং দুটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিসি ক্যামেরাগুলো ব্যবহার করে অভিযুক্তরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah