সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 129 বার পঠিত
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) আমলে যথাযথ চিকিৎসা না পাওয়া ও বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। আজ ১ ডিসেম্বর সোমবার দুপুরে কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জিতুর (৭০) জানাযায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে কোনো যথাযথ কারণ ছাড়াই জেলে রাখা হয়েছিল। যে রায় দেওয়া হয়েছে, তাতেও কোথাও বলা নেই যে তিনি টাকা আত্মসাৎ করেছেন। একজনের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করাকে কি আত্মসাৎ বলা যায়? আর এ জন্য কি জেলে ভরতে হবে?
তিনি আরো বলেন, জেলেই উনার (খালেদা জিয়া) এই অসুস্থতার শুরু। দীর্ঘ ১৬ বছর তিনি যথাযথ চিকিৎসকের পরামর্শ পাননি। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। এই কারণেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়েছে।
এজন্য আমি মনে করি, বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে দায়ী। তিনি খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah