সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 140 বার পঠিত
অটোরিকশার যাত্রীবেশে গাঁজা পাচারের সময় মা-মেয়েসহ ৪ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা রীনা আক্তার (৪৩) ও তার মেয়ে আছমা আক্তার (২৩), একই উপজেলার নয়াদিল এলাকার আবদুল হান্নান (৪৫), কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জরিনা বেগম (৪০)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা অভিযান পরিচালনাকালে ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হওয়া ৩ নারীর বিরুদ্ধে আগেরও মামলা আছে।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah