জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 162 বার পঠিত
গাজীপুরের গাছা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রানী বেগম (৪০) নামে এক নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রানী বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গাছা এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাপড়ের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন রানী বেগম। পাওনা টাকা নিয়ে একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তাঁর ছেলে আশিক ইসলামের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
শনিবার সকাল প্রায় ৮টার দিকে ওই বিরোধের জেরে আশিক ইসলাম ধারালো ছুরি দিয়ে রানী বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে রানীর ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেনও ছুরিকাঘাতে আহত হন। পরে হামলাকারী পালিয়ে যায়।
আহত অবস্থায় রানী বেগমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় মিয়া বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা করেন। পরে শনিবার দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে আশিক ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আশিক যদি অপরাধ করে থাকেন, তবে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে যুক্ত নন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৭:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah