জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 174 বার পঠিত
গোপনে এক নারী গার্মেন্টস কর্মীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে আটক এক্সাভেটর চালক নুরুজ্জামানকে সালিস বৈঠকের নামে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রহস্যজনক ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায়।
আজ ২৩ জানুয়ারি শুক্রবার সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোফাজ্জল হোসেনের বাড়ি থেকে নিহত এক্সাভেটর চালক মো. নুরুজ্জামানের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সাইল্লাবাউলা গ্রামের মোহাম্মদ জাহের খানের ছেলে। নুরুজ্জামান ওই বাড়িতে ভাড়া থেকে এক্সাভেটর চালাতেন।
স্থানীয় সূত্র ও নিহতের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুজ্জামান ও এক নারী গার্মেন্টস কর্মী পাশাপাশি কক্ষে বসবাস করতেন। বৃহস্পতিবার বিকেলে ওই নারী গোসল করতে গেলে পাশের কক্ষ থেকে দেয়ালের ওপর মোবাইল ফোন রেখে গোপনে ভিডিও ধারণ করেন নুরুজ্জামান। গোসলের সময় মোবাইলটি দেখতে পেয়ে ওই নারী চিৎকার দিলে আশপাশের ভাড়াটিয়ারা ছুটে আসে।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুরুজ্জামান ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ ওঠে। এরপর বাসার কেয়ারটেকার ও স্থানীয় কয়েকজন মিলে সালিস বৈঠক ডাকে। সালিস চলাকালে কয়েকজন উত্তেজিত হয়ে নুরুজ্জামানকে মারধর করে। একপর্যায়ে তাকে একটি কক্ষে আটকে রেখে সবাই চলে যায়।
রাতে অন্য ভাড়াটিয়ারা ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় নুরুজ্জামানের মরদেহ দেখতে পান।
ভুক্তভোগী গার্মেন্টস কর্মী মারিয়া আক্তার বলেন, “গোসলের সময় দেয়ালের ওপর মোবাইল ফোন দেখে আমি চিৎকার করি। পরে লোকজন নুরুজ্জামানকে তার ঘরে আটকে রাখে। এরপর কীভাবে সে মারা গেছে বা কে মেরেছে, আমি কিছুই জানি না।”
নিহতের ভাই কামাল হোসেন অভিযোগ করে বলেন, “ভাইয়ের মাথা ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। সে অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। সালিসের নামে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Posted ৮:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah