রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাভেল ব্যাগে আট টুকরা লাশ: চারজন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

ট্রাভেল ব্যাগে আট টুকরা লাশ: চারজন গ্রেফতার

সংগৃহীত ছবি

স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাসায় বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বাসচালকের সহকারী (হেলপার) অলি মিয়াকে। পরে লাশটি আট খণ্ড করে একটি ট্রাভেল ব্যাগে মাথাবিহীন লাশ গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে দেয় হত্যাকারীরা। এ হত্যাকাণ্ডের পর ৮ আগস্ট শুক্রবার রাতেই টঙ্গী পূর্ব থানায় নিহত অলির স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশের পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

পরদিন শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নরসিংদী জেলার করিমপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আপেল মাহমুদ সাদেক (৪২), তাঁর স্ত্রী শাওন বেগম (৩২) ও সাজ্জাদ হোসেন রনিকে (২৫) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাঁদের র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন গ্রেফতার তিনজন। এছাড়া গাজীপুর মহানগর পুলিশ নরসিংদীতে অভিযান চালিয়ে বাপ্পি নামের আরেক যুবককে আটক করেছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ- কমিশনার মহিউদ্দিন আহমেদ।

এ ব্যাপারে রবিবার দুপুরে র‍্যাব-১ : এর কার্যালয়ে র‍্যাবের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন।

সম্মেলনে র‍্যাব জানায়, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। গ্রেফতার হওয়া আপেল, রনি ও শাওন আক্তারের সাথে পরিচয় ছিল অলি মিয়ার। অলি প্রায়ই আপেলের বাসায় যাতায়াত করতেন। অলি আপেলের স্ত্রী শাওন আক্তারের চরিত্র নিয়ে কটূক্তি করেন। তাছাড়া গত কয়েক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রনিকে স্থানীয় লোকজনদের দিয়ে মারধর করান অলি। এতে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে গত ৬ আগস্ট বুধবার ভোররাত সাড়ে ৫টার দিকে আপেল ও রনি কৌশলে অলিকে টঙ্গীর বনমালা এলাকার রেললাইনে নিয়ে যান। দীর্ঘ সময় ট্রেন না আসায় অলিকে নিয়ে বাসায় ফেরেন তাঁরা।

পরে পরিকল্পনা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে বিছানায় ফেলে দড়ি ও কোমরে থাকা বেল্ট দিয়ে হাত—পাঁ বেঁধে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে অলিকে হত্যা করে তাঁরা। হত্যার প্রমাণ লোপাট করতে পরদিন বৃহস্পতিবার বাজার থেকে ছুরি, কালো পলিথিন ও স্কচটেপ কিনে আনেন হত্যাকারীরা। পরে অলির মরদেহটিকে আট খণ্ড করে পলিথিনে পেঁচিয়ে টয়লেটের ভেতর রেখে দেয়। আর অলির খণ্ডিত মাথা রাখেন টয়লেটের ফলস ছাদে।

পরদিন শুক্রবার টঙ্গীর বনমালা এলাকা থেকে একটি রিক্সাযোগে স্টেশন রোড এলাকায় টঙ্গী—ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে খণ্ডিত লাশের ব্যাগটি ফেলে পালিয়ে যায় আপেল ও রনি। আর হত্যাকাণ্ডের পুরো বিষয়টি নজরদারি করে আপেলের স্ত্রী শাওন আক্তার।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারের পর তাঁদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

গত শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগে অলি মিয়ার লাশের সন্ধান মেলে। নিহত অলি মিয়া নরসিংদী জেলার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

Facebook Comments Box

Posted ১:৫০ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া