জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 220 বার পঠিত
গাজীপুরের দক্ষিণ সালনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ জেলার কালিবাজার গ্রামের রুহুল আমিন বাপ্পি (২০) ও কিশোরগঞ্জের জুয়ারিয়া গ্রামের শ্রাবন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরির পিছনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা অবস্থান করছে, এ ধরনের গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১৪-১৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাপ্পি ও শ্রাবনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে স্টিলের সুইচ গিয়ার চাকু ও ধারালো কাটার উদ্ধার করা হয়।
গাজীপুর সদর থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah