সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।
স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রতিবছরের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার নিদর্শন হিসেবে এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের জন্য তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার পাঠানো হয়ে থাকে।
এবার ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে এসব আম মুখ্যমন্ত্রী মানিক সাহা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, “উপহারের আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং শেষে সেগুলো আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকেই নির্ধারিত ব্যক্তিদের মধ্যে আমগুলো বিতরণ করা হবে।”
Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah