সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা ও তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, কথিত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯-এর সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে র্যাব-৯ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে শফিক ডাকাতকে গ্রেফতার করা হয়। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। পরে চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে র্যাবের অতিরিক্ত সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর র্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত নয়জনকে গ্রেফতার করলেও শফিক ডাকাত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, শফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, জমি দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসংক্রান্ত অপরাধসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নের নির্বাচনি সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলারও তিনি একজন আসামি।
Posted ১২:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah