সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 218 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ২১ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে।
নিহত শাহিন মিয়া ওই এলাকার আক্তার মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগরে যাওয়ার পথে মধ্যপাড়া এলাকায় একটি দোকানের সামনে শাহিনকে আটক করেন আরফত আলী, তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদ। পরে তাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আক্তার মিয়া অভিযোগ করে বলেন, দুই দিন আগে আরফত আলীর ভাতিজা এবং আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়ে যায়। সেই ঘটনার জেরে চোর সন্দেহে আমার ছেলেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার সঠিক বিচার চাই।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে রাতে ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:০০ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah