সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 200 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া তালিকা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করেছে। আজ ২০ আগস্ট বুধবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষোভ কর্মসূচি করে।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন গত ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করে। এ সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও জনবিরোধী বলে দাবি করেন।
এদিকে, প্রতিবাদকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়ায় মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় দুই ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান, এর আগেও দফায় দফায় তারা একই দাবিতে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের দাবির বিষয়ে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Posted ১:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah