সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিলের সমর্থন ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন মো. মিন্টু মিয়া। একই সঙ্গে তিনি সৌদি আরব ফুটবল দলের প্রতি সমর্থন ঘোষণা করে ৫০০ ফুট দীর্ঘ সৌদি আরবের পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মিন্টু মিয়া পৌর এলাকার টানপাড়ার মৃত জজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া মঙ্গলবার জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন। পরে সৌদি আরব জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় তিনি স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন। তার এ ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
দল পরিবর্তনের কারণ জানতে চাইলে মিন্টু মিয়া বলেন, “বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে সরে এসেছি। এখন থেকে সৌদি আরব ফুটবল দলের সমর্থন করব।”
তিনি আরও জানান, সৌদি আরবের প্রতি সমর্থন ও ভালোবাসার প্রতীক হিসেবে আগামী ১১ জুন ৫০০ ফুট দীর্ঘ একটি সৌদি আরবের পতাকা প্রদর্শন করবেন।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah