সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 197 বার পঠিত
মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৩ অক্টোবর সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন।
জরিমানাপ্রাপ্ত মো. উদয় মিয়া (২৫) জেলার সরাইল উপজেলার বেপারিপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন জানান, অনেক দিন ধরে উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করে ভেজাল জেলি-পদার্থ মেশানো চিংড়ি মাছ বিক্রি করে আসছে। এমন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সকালে বাজারে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করে দেখতে পাওয়া যায় মাছের ভেতরে প্রচুর ভেজাল জেলি-পদার্থ মেশানো হয়েছে। এসব চিংড়ি মাছ মানব দেহের জন্য ক্ষতিকর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ বিক্রেতা উদয় মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সরাইল থানা পুলিশের সদস্যরা।
Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah