সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট | 68 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কুমারপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা আখাউড়া থেকে চিনাইরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের ফলে একটি অটোরিকশার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের সবার পরিচয় জানা যায়নি।
আহত যাত্রী কাজী সাইফ বলেন, “আমি আখাউড়া থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলাম। দুর্ঘটনার সময় আমার পায়ে আঘাত লাগে। এছাড়া চালকের মাথায়ও আঘাত লেগেছে।”
স্থানীয়দের অভিযোগ, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah