সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 126 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি তন্তর বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তিনি সিরিয়াল অনুযায়ী রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখে দিচ্ছিলেন।
তদন্তে জানা যায়, তার পল্লি চিকিৎসক, এমবিবিএস বা চিকিৎসা সংক্রান্ত কোনো বৈধ সনদ নেই। অভিযানের সময় তিনি নিজেও বিষয়টি স্বীকার করেন। পরে মিথ্যা টাইটেল ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Posted ১২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah