সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 180 বার পঠিত
অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। আটককৃতরা সবাই বালু উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিক।
৮ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেঘনা নদীর চরলাপাং এলাকায় প্রায় ছয় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে যৌথ বাহিনী সহযোগিতা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন-পটুয়াখালী জেলার ড্রেজার চালক মো. শহীদুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার মো. আকবর খান (২৩), পটুয়াখালী জেলার বাল্কহেড চালক মো. মিজান মিয়া (২৬), পিরোজপুরের বালু শ্রমিক শরীফ মিয়া (২৮) এবং ভোলার বালু শ্রমিক জামাল মিয়া (২৬)।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলার উত্তর ও পশ্চিমাঞ্চলের মেঘনা নদীতে ইজারার শর্ত ভঙ্গ করে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ নদী তীরবর্তী একাধিক গ্রাম ভয়াবহ ভাঙনের মুখে পড়ে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরের পর চরলাপাং এলাকার মেঘনা নদীতে অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. কায়সার। অভিযানে সেনাবাহিনী, জেলা পুলিশ ও নৌপুলিশ সার্বিক সহযোগিতা করে।
স্থানীয়রা জানান, বালু মহালকে ঘিরে সশস্ত্র পাহারা দেওয়া হয় এবং কেউ প্রতিবাদ করলে জীবননাশের হুমকির মুখে পড়তে হয়। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে চরলাপাং ও মানিকনগরসহ আশপাশের গ্রামগুলো মানচিত্র থেকে হারিয়ে যাবে।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah