সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 103 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার রফিকুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১১ সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ দল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীনগরের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতাররা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) ও রিমন মিয়া (২০)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত রফিকুল ইসলাম রফিক নরসিংদীর রায়পুরা উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার ছোট ভাইয়ের মেয়েকে আসামি রাকিব মিয়া একই এলাকার আসিফ মিয়ার সহায়তায় অপহরণ করে। রফিকুল ইসলাম শিশুটিকে ফেরত দিতে বললে আসিফ টালবাহানা শুরু করে এবং রফিকের পরিবারকে হুমকি-ধমকি দিতে থাকে।
এর জেরে গত ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র্যাব আসামিদের অবস্থান শনাক্ত করে নবীনগর থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah