জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | 144 বার পঠিত
গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছে রোভার স্কাউট গ্রুপের দুটি দল। আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের পথে এগিয়ে যাবে।
আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পাঁচ দিনের এ হাঁটা ভ্রমণ শুরু হয়। ফুলবাড়িয়া ও মির্জাপুর হয়ে কর্মসূচি শেষ হবে মানিকগঞ্জের শিবালয়ে গিয়ে।
অংশগ্রহণকারী মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা হলেন আফরিক আহাম্মেদ নিলয়, সাইফুল ইসলাম নয়ন ও মো. আল সানিয়াত ইসলাম আলফি। মৌচাক মুক্ত গার্ল-ইন রোভার দলের সদস্যরা হলেন কবিতা আক্তার, নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা। এ সময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা ডিসি অফিস, সরকারি-বেসরকারি কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি ডাকবাংলোতে যাত্রাবিরতি ও রাত্রিযাপনের ব্যবস্থা থাকবে।
রোভার সদস্যরা হাঁটা পরিভ্রমণের পাশাপাশি প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ রোধ, মাদকবিরোধী প্রচার, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।
মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার নাজমুল হোসেন বলেন, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়। তবে এ কর্মসূচির উদ্দেশ্য শুধু ব্যাজ অর্জন নয়, বরং শারীরিক সক্ষমতা, ধৈর্য ও একতার প্রতীক হিসেবেও এটি গুরুত্বপূর্ণ।
অংশগ্রহণকারী সদস্যরা জানান, পথে পথে তারা বাল্যবিবাহ, মাদকবিরোধী বার্তাসহ নানা সচেতনতামূলক তথ্য মানুষের কাছে পৌঁছে দেবেন। কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে সর্বোচ্চ প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে চান তারা।
আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় আবাসনের জন্য টিম লিডারের পাশাপাশি জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah