জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 225 বার পঠিত
আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করলে ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে ধর্ষণের ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল থেকে গাজীপুর মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। বেলা ১১টার দিকে ওই মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে ভুক্তভোগী শিশুসহ আরো কয়েক শিশু খেলা করছিল। এসময় ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরে শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করে। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামি ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah