সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 230 বার পঠিত
বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিদেশি প্রসাধনীসহ সোহাগ সিকদার (৩৮) ও পাপেল মিয়া (৩৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রসাধনী বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ব্রিজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ সিকদার বরিশাল জেলার পাংশা উপজেলার বরিশাল বিমানবন্দর এলাকার মৃত শাহজাহান শিকদারের ছেলে এবং পাপেল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সোনারামপুর ব্রিজের কাছে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। পরে মাইক্রোবাস থেকে ৬০০ পিস বিদেশি মেকআপ রিমোভার, ২৫৫ পিস ফেইস ওয়াশ, ২৬৫ পিস স্কিন কেয়ার ক্রিম, ২৪ বোতল শ্যাম্পু উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার ও মাইক্রোবাটি জব্দ করা হয়। উদ্ধার করা প্রসাধনীর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah