সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 204 বার পঠিত
বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খায়রুল আমিনের বিরুদ্ধে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ওমর হাসান (২৩)। তিনি ওই গ্রামের মুর্শিদ মিয়া বাড়ির জাকির হোসেনের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত বন্ধু খায়রুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খায়রুল একই গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ও খায়রুল দু’জন বাল্যবন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের টানাপড়েন তৈরি হয়। এর জেরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খায়রুল ঘরের সিঁধ কেটে ওমরের ঘরে প্রবেশ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, ইতোমধ্যে অভিযুক্ত খায়রুলকে পুলিশ গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তবে কী নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ ছিল- সেটি এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
Posted ১২:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah