সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 242 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনীসহ মোজাজিদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর রবিবার দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পরিচালিত অভিযান থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত মোজাজিদ যশোরের শার্শা উপজেলার শ্রীকোণা গ্রামের রুবেল হোসেনের ছেলে।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, চোরাই পণ্যের একটি বড় চালান মহাসড়ক দিয়ে যাবে-এমন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। দুপুর আড়াইটার দিকে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে বিপুল ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৩০৪ পিস নিভিয়া ক্রীম, ৩২৪ পিস নিভিয়া লোশন, ৩ হাজার ১২০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৫৩ হাজার ৫০৮ পিস ক্লোবেটাসল প্রোপিওনেট ক্রিম। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব প্রসাধনী ঢাকায় নিয়ে বিক্রির পরিকল্পনা ছিল। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah