সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 180 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে এবং স্টেশনকে ব্লেকারমুক্ত করার দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জানুয়ারি বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি চললেও তা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে টিকিট কালোবাজারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে টিকিট কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হোসাইনের ওপর হামলা চালানো হয়।
সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ এবং এনসিপির সিনিয়র সদস্য সচিব শাহিল খান।
এসময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah