জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 169 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে বেলচা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ ১৭ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি ঘোষ (৫৫)। তিনি কালীগঞ্জ উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে এবং বালিগাঁও এলাকায় অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত কালি ঘোষের হোটেলের পেছনে অভিযুক্ত স্বপন মিয়ার একটি কলাবাগান রয়েছে। শনিবার দুপুরে স্বপন মিয়ার ছেলে মাসুম মিয়া হোটেলের সামনে একটি কলার ছড়ি দেখতে পেয়ে উত্তেজিত হয়ে গালাগালি শুরু করেন। এ নিয়ে হোটেলের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মাসুম মিয়ার বাবা স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন ঘটনাস্থলে আসেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকে বেলচা দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যান।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বালিগাঁও এলাকার স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ও ছেলে মাসুম মিয়া (২৮)–কে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিককে মাথায় বেলচা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah