জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 223 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
শনিবার দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায় কৃষক রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে এসব গরু চুরি হয়। ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে গরুগুলো গোয়ালঘরে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। তবে গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
তিনি আরও জানান, তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই গরুগুলো। সংসার খরচ, সন্তানদের পড়ালেখা ও ভবিষ্যৎ পরিকল্পনার সবকিছুই গবাদিপশুর ওপর নির্ভরশীল ছিল। এক রাতেই সব হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। দ্রুত চোর চক্র শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah