সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে ইসমাইল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই আলকাছ মিয়া পলাতক রয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল সাতঘরহাটির মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলের মধ্যে দুইজন প্রবাসে থাকেন। অপর দুই ছেলে ইসমাইল ও আলকাছ মিয়া একই বাড়িতে বসবাস করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে ইসমাইল পাশের একটি মসজিদের দেয়ালে রং করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে আলকাছ মিয়া পেছন থেকে বড় ভাই ইসমাইলকে লোহার রড দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah