ফরিদ আহমেদ, নবীনগর | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 328 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম মিয়া (৩০) রয়েছেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো তীব্র নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। গ্রামবাসীরা একাধিকবার প্রতিবাদ জানালেও স্থায়ী কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ফসলি জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদ করায় রোববার সকালে ২০–৩০ জন সশস্ত্র ব্যক্তি গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
হামলার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান বলেন, “ঘটনার পরপরই পুলিশ প্রশাসনকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah