সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
কসবা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিয়ের জন্য প্রস্তুত করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়।
আজ ১০ এপ্রিল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। বাল্যবিবাহের অভিযোগ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিশু কনের বাবার কাছ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বরের বাড়ি পাশের উপজেলা আখাউড়ায়। তিনি প্রবাসে কর্মরত এবং ছুটিতে দেশে এসে বিয়ের আয়োজন করা হয়। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে বর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হননি।
পরে কনের পিতা মুচলেকা দিয়ে লিখিতভাবে অঙ্গীকার করেন যে, মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়া হবে না।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৫:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah