সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 163 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শুরু হওয়া ঝড়ের তীব্রতায় তিনলাখপীর বাসস্ট্যান্ড সংলগ্ন টাওয়ারটি ভেঙে পাশের খালে পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মোবাইল ফোন গ্রাহকরা।
এদিকে, ঝড়ের সময় কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজার সড়কে একটি গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
অন্যদিকে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ওপর গাছ পড়ে মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাদৈর বাজার সড়ক থেকে উপড়ে পড়া গাছ অপসারণের কাজ চলছে। উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কসবা ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টিনশেড ঘরবাড়িও।
Posted ৫:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah