নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, সরকারের ছয় মাস যেতে না যেতেই কিছু লোক দেশকে অশান্ত করতে চায়। তারা আমাদের সহজে শান্তি দেবে না। দেশে অশান্তি হলে কোনো কাজই এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন রোডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুশফিকুর রহমান এমপি বলেন, “এ সরকারকে অস্থিতিশীল করতে ঘরে-বাইরে চক্রান্ত হচ্ছে। বিএনপি যে পরিকল্পনা নিয়েছে, তা যাতে বাস্তবায়ন করতে না পারে, এজন্যই এই চক্রান্ত।”
তিনি বলেন, “আশপাশে যারা আছে, তারা আমাদের সহজে শান্তি দেবে—এমনটি মনে করবেন না।” প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মুশফিকুর রহমান বলেন, বিএনপি যখনই সরকারে এসেছে, তখনই একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। বিএনপির মহান নেতা জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন দেশের অবস্থা ভালো ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করেন, তখনও দেশের অবস্থা খারাপ ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজ করছেন, আওয়ামী লীগ ১৭ বছরে তার কিছুই রেখে যায়নি।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. বাহার মিয়া ও মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতিসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন ও উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মো. রাসেল মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, সোহাগ খান, মন্তাজ মিয়া, সফিকুল আলম তুরান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, যুবদলের সভাপতি প্রার্থী মামুন আহমেদ প্রমুখ।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah