সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 70 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি গুড় কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার উজানচর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া।
অভিযানে অবৈধভাবে গুড় উৎপাদনের দায়ে কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জাকির হোসেন এবং একই গ্রামের মৃত জসিমের ছেলে মো. আনোয়ার হোসেনকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গুড় উৎপাদনের কার্যক্রম চলছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah