সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া উপজেলার আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাঠের পাশে খোলা স্থানে মজুদ রাখা ৯৫৩ পিস উন্নতমানের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah