অনলাইন ডেস্ক | শুক্রবার, ০১ মে ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই ইতালি প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। ইতালির লেচে (Lecce) শহরে বড় ভাই হুমায়ুন ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নয়ন ফকির নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেচে শহরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছোট ভাইকে হত্যার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিও কলে তিনি নয়ন ফকিরের রক্তাক্ত মরদেহ স্বজনদের দেখান এবং নিজেই তাকে হত্যা করেছেন বলে স্বীকার করেন। মোবাইলের স্ক্রিনে নয়নের নিথর দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি দেশটির পুলিশের হেফাজতে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে নিহত নয়ন ফকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah