অনলাইন ডেস্ক | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে কালোবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আব্দুল মতিন নামে এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার বাসা থেকে ১৩ লিটার অকটেন জব্দ করা হয়।
১৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া হাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, আব্দুল মতিন রংপুরের মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা ক্রেতা সেজে তার কাছ থেকে অতিরিক্ত মূল্যে দুই লিটার অকটেন ক্রয় করেন। পরে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাসা থেকে ১৩ লিটার অকটেন জব্দ করা হয় এবং কালোবাজারে তেল বিক্রির দায়ে তাকে জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah