অনলাইন ডেস্ক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত
জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, কৃষকদের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। কৃষির উন্নয়ন ও কৃষকদের জীবনমান বাড়াতে বিভিন্ন সময়ে নানা প্রণোদনা, সুযোগ-সুবিধা এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে দেশের বাস্তবতায় কৃষকদের প্রয়োজনীয় সব সেবা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।
বুধবার (৬ মে) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হলেও অনেক সময় তা অনুসরণ না করে নিজেদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে ফসল উৎপাদন করা হয়। এতে কৃষি বিভাগ ও কৃষকদের মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হয় এবং সমস্যার সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যা ও খাদ্যচাহিদা অনুযায়ী কোন ফসল কতটুকু প্রয়োজন, তা আগে নির্ধারণ করতে হবে। এরপর অঞ্চলভেদে কোন ফসল উৎপাদন বেশি উপযোগী, সে অনুযায়ী পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।
হুইপ আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ১০ হাজার টাকার নিচে কৃষিঋণ মওকুফ করেছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা কৃষক কার্ডের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah