জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর সোমবার রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০)। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাইয়ের কক্ষ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় এসব অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতার মোসলেমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
গাছা থানার ওসি মনিরুজ্জামান বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে কাজ চলছে।
Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah