জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 74 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় প্যারাসুট নারিকেল তেল কোম্পানির এক বিক্রয়কর্মীকে কুপিয়ে নগদ প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিক্রয়কর্মী সেলিম (৩৭) ফেনী জেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির বিক্রয়কর্মী সেলিম ও তার সহকর্মীরা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা বিক্রয়কর্মীদের কাছে থাকা নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় ছিনতাইয়ে বাধা দিলে দুর্বৃত্তরা সেলিমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ধস্তাধস্তির ঘটনায় আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah