সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরব ও শ্রদ্ধায় নাসিরনগরে মহান বিজয় দিবস উদযাপন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   216 বার পঠিত

গৌরব ও শ্রদ্ধায় নাসিরনগরে মহান বিজয় দিবস উদযাপন

সূর্যোদয়ের প্রথম প্রহরেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। গভীর শ্রদ্ধা, দেশপ্রেম ও আবেগঘন পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় তোপধ্বনি শেষে নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সর্বপ্রথম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরীন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পুলিশের পক্ষ থেকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ, নাসিরনগর প্রেসক্লাব, বিভিন্ন এনজিও, সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন (বিএনপি, এনসিপি) এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ আবেগ, শ্রদ্ধা ও গৌরবে মুখরিত হয়ে ওঠে।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরীন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী খেলাধুলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নাসিরনগরে মহান বিজয় দিবস উদযাপন রূপ নেয় এক অনন্য ও স্মরণীয় উৎসবে।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া