নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 95 বার পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরে দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়েছে।
আজ রবিবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।
আটক ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার বাশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও মৃত চান মিয়ার ছেলে নাকমত আলি (৬০)।
ওসি একেএমএস ইকবাল জানান, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার প্রথম দিনেই রবিবার দুপুরে চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীর মোহনায় সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জাটকা ধরার কাজে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, চাঁদপুরের পদ্মা–মেঘনা মোহনাসহ ছয়টি অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah