সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘মহানগর প্রভাতী’ ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে নারী যাত্রী আহত হয়েছেন। ১৭ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় একটি পাথর এসে লাগে। চলন্ত অবস্থায় বাইরে থেকে পাথরটি ছোড়া হয়েছিল। তৎক্ষণাৎ ট্রেনের ভেতরেই আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, আহত যাত্রী কুমিল্লা স্টেশনে নেমে যাওয়ায় তার নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি। রেলপথ অরক্ষিত থাকায় এ ধরনের দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই পুলিশ কর্মকর্তা।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah