সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় দুই মাস বয়সী কন্যাশিশু জারিফাকে হত্যার অভিযোগে তার পিতা জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিয়াদৌলত গ্রামের শফিক মিয়ার ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ২০২৪ সালে ছলিমাবাদ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে জাকিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জাকিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।
রমজান মাসে গ্রাম্য সালিশের মাধ্যমে জাকিয়াকে স্বামীর বাড়িতে পাঠানো হলেও কিছুদিন পর আবার তাকে বাবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, জাকিয়া অন্তঃসত্ত্বা। প্রায় দুই মাস আগে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন জহিরুল ইসলাম মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে আসেন। রবিবার সকালে জাকিয়া শিশুটিকে ঘুম পাড়িয়ে স্বামীর কোলে রেখে নাস্তা তৈরিতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, শিশুটি বিছানায় নিথর পড়ে আছে এবং পাশে বসে আছেন তার স্বামী।
ঘটনাটি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah