সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 167 বার পঠিত
বিজিবির সঙ্কেত অমান্য করে দ্রুত গতির মোটরসাইলের ধাক্কায় ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশনের তিতাস সেতুর পাশের রেলগেইটের ব্যারিয়ার ভেঙ্গে গেছে। এ দুর্ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই মঙ্গলবার গভীর রাতে। ব্যারিয়ার ভেঙ্গে যাওয়ায় গেইটটি সাত দিন যাবৎ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের উপর এ রেলগেইটটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সাথে যোগাযোগকারী এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। গেইট খোলা থাকায় যে কোন দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। এদিকে, ৭ দিন ধরে ভাঙ্গা গেইটটি মেরামতের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, ২৬ জুলাই মঙ্গলবার গভীর রাতে আখাউড়া বাইপাস এলাকায় সড়কে বিজিবির একটি টহল দল দুইটি মোটরসাইকেলকে থামার সঙ্কেত দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা বিজিবির সঙ্কেত অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে।
এ সময় গেইটম্যানের সহযোগিতায় গেইটের ব্যারিয়ার ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করে। মোটরসাইকেলের গতিবেগ বেশি থাকায় গেইটের ব্যারিয়ার ভেঙ্গে যায়। একটি মোটর সাইকেল নিয়ে আরোহীরা চলে যায়। অপর একটি মোটরসাইকেল ফেলে আরোহীরা দৌড়ে চলে যায়। পরে বিজিবি একটি মোটর সাইকেল জব্ধ করে রেলওয়ে থানায় জমা দেয়।
২৫ বিজিবি (সরাইল) ব্যাটালিয়ের অধীনস্থ আখাউড়া ফকিরমোড়া বিওপির নায়েক সুবেদার আবুল কালাম আজাদ বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বড় ধরনেই ইয়াবার চালানের খবর পেয়ে মোটরসাইকেল আরোহীকে থামার সঙ্কেত দেয় বিজিবি। মোটর সাইকেলের ধাক্কায় গেইটের ব্যারিয়ার ভেঙ্গে যায়। মোটর সাইকেলটি জব্দ করে থানায় জমা দিয়েছি।
এ ব্যপাারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে জংশনের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, রেলগেইটের ব্যারিয়ার ভাঙ্গার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটি মেরামতের জন্য সরঞ্জাম এবং অর্থ না থাকায় মেরামত করতে পারছি না। গেইট বন্ধ রাখতে না পারায় ট্রেন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে তিনি স্বীকার করেন।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah