চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 325 বার পঠিত
গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেচিত হয়েছেন নাসিরনগর উপজেলার ৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে জেলা পর্যায়ে গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং ইউএনডিপি’র প্রজেক্ট অ্যানালিস্ট সিলবা দি। এছাড়াও প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত ১০০ টি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম, উক্ত সময়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা এবং কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। সভায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে চেয়ারম্যান ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয় ।
আলোচনা সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্মাননা প্রদান করা হয়। তন্মধ্যে নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী প্রথম স্থান অর্জন করে।
উল্লেখ্য ইকবাল চৌধুরী নাসিরনগর উপজেলার একজন জনপ্রিয়, সম্ভ্রান্ত ও প্রভাবশালী রাজনীতিবিদ, তিনি বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান। ইকবাল চৌধুরীর এই অর্জনে বুড়িশ্বর ইউনিয়নবাসীসহ পুরো নাসিরনগর উপজেলারবাসীর মধ্যে আনন্দ উৎসাহ লক্ষ্য করা গেছে।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah