অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | 86 বার পঠিত
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে সাইবার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা ডিবি পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা গুলি (লোডেড অবস্থায়) এবং একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. আরিফ হোসেন (২৭)। তিনি নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভার একই এলাকার আতাউর মালিথার ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর জানান, চিরিরবন্দর থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৫টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিম ও মোবাইল প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। তবে অভিযানের সময় চক্রের আরেক সদস্য বিজয় ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং ডিবি পুলিশের নেতৃত্বে লালপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ও পলাতক আসামিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতো। তারা বিভিন্ন নম্বর ব্যবহার করে অর্থ আত্মসাৎ করত বলে ধারণা করা হচ্ছে। একই চক্রের আরও সদস্য দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় লালপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah